Home / চাঁদপুর / আগামীর বাংলাদেশ তোমাদেরকে পরিচালনা করতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
এমপি

আগামীর বাংলাদেশ তোমাদেরকে পরিচালনা করতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, একটি পরিবারকে শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও পরিশ্রম করতে হয়। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই পরিচালনা করতে হবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এমপি মানিক বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় মনোযোগী হতে হবে। নিজেদের সুন্দরভাবে গড়ে তুলে যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার প্রতিও তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, আমার পাঁচ বোন এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আবেগ ও ভালো লাগা জড়িয়ে আছে। আগামী দিনে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব। তোমাদের লক্ষ্য হবে এই বিদ্যালয়কে বাংলাদেশের এক নম্বর বিদ্যালয় হিসেবে পরিচিত করা।

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের যেসব সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ের পানির সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি সেদিনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কিছু খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা হাবিব ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী অপরাজিতা ধর মুগ্ধ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণকলি, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী তাসপিয়া আক্তার, নৃত্য পরিবেশন করেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিবেদিতা।

এর পূর্বে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৪২ জন ও ৮ম শ্রেণীর ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রীকে কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার/
৮ অক্টোবর ২০২৬