অনলাইন জুয়ার ঋণ পরিশোধ করতে নিজের নানিকে হত্যার অভিযোগ উঠেছে নিজের মেয়ের ঘরের ১৬ বছর বয়সী নাতি সিয়ামের বিরুদ্ধে। সম্প্রতি চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত-বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা লুৎফুর নাহার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাড় করতে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় তাঁর নাতি। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।
এদিকে মাকে হারিয়ে জাপান থেকে দেশে ফিরে এখন শোকে মুহ্যমান একমাত্র ছেলে জুবায়ের খান। তাঁর দাবি, মায়ের হত্যাকারী যে-ই হোক, আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে অভিযুক্ত কিশোরের বাবা-মায়েরও একই কথা, হত্যাকারী যে-ই হোক, তাঁরা একজন মায়ের হত্যারকারীর বিচার চান।
কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এক মায়ের একাকিত্ব, ছেলের কাছে শহরে বাসা ভাড়া করে দেওয়ার আবদার এবং বিদেশে থাকা সন্তানের মাকে নিরাপদে রাখার চেষ্টা। নিজের মেয়েদের বেড়াতে আসা এবং সবকিছু যাতে হাতের কাছে পান সে আশায় শহরে বাসা ভাড়া করে দিয়েছিলেন জাপান প্রবাসী ছেলে। মায়ের সেই চাওয়া পূরণ হলেও শেষ পর্যন্ত শহরের ভাড়া বাসাতেই নির্মমভাবে প্রাণ হারাতে হলো তাঁকে।
নিহত লুৎফুর নাহারের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া ২ নম্বর ওয়ার্ডের নাজির খান বাড়ি। তাঁর স্বামী জয়নাল আবেদীন ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মারা যান। এক ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছেন। বাকি মেয়েদের বিয়ে হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে সংসার করছেন। একমাত্র ছেলে জুবায়ের খান জীবিকার তাগিদে গত দেড় বছর আগে জাপানে পাড়ি জমিয়েছেন। ফলে গ্রামের বাড়িতে অনেকটা একাকী জীবন কাটাতে হতো লুৎফুর নাহারকে।
নিহতের একমাত্র ছেলে জুবায়ের খানের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর মা নিজের দৈনন্দিন কাজ নিজেই করতে পছন্দ করতেন। তবে একা থাকার কারণে নিজের হাতে রান্না করে খেতে পারতেন না। বাইরের খাবার কিংবা অন্যের হাতে রান্না করা খাবার বেশি পছন্দ করতেন। মাঝেমধ্যে গ্রামের বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতেন। কিন্তু গ্রামের বাজার কিছুটা দূরে হওয়ায় সবকিছু সময়মতো কিংবা হাতের কাছে পাওয়া সম্ভব হতো না।
জুবায়ের বলেন, ‘মা একা মানুষ ছিলেন। নিজেরটা নিজে রান্না করে খেতে পারতেন না। বাইরের খাবার এবং অন্যের হাতে রান্না করা খাবার বেশি পছন্দ করতেন। গ্রামের বাজারও কিছুটা দূরে। সবকিছু সময়মতো পাওয়া যেত না। শহরে থাকলে প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে পাওয়া যাবে, আত্মীয়স্বজনও সহজে এসে দেখা করতে পারবে। এসব চিন্তা থেকেই মা আমাকে শহরে একটি বাসা ভাড়া করে দিতে বলেছিলেন।
তিনি আরও জানান, চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে নির্মাণাধীন একটি বহুতল ভবনে তাঁর চতুর্থ বোন নাহিদা আক্তার একটি ফ্ল্যাট কিনেছেন। সেই সুবাদে ওই এলাকার কাছাকাছি বাসা খোঁজা হয়। পরে মাত্র এক মিনিটের দূরত্ব বিবেচনা করে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। বাসাটি তাঁর মা নিজেই পছন্দ করেছিলেন। ভবনে লিফটের ব্যবস্থাও ছিল। চলতি মাসের ১ নভেম্বর থেকে সেখানে একাই বসবাস শুরু করেন তিনি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত সিয়াম নিহত লুৎফুর নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে। সিয়ামদের পরিবারে দুই ভাই ও এক বোন। তার বাবা হোসেন প্রধানীয়া। ১৬ বছর বয়সী সিয়াম মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার দুই দিন আগে গত ১৬ নভেম্বর সিয়াম তার বাবা-মাকে সঙ্গে নিয়ে নানির বাসায় বেড়াতে আসেন। পরদিন ১৭ নভেম্বর তারা চলে যায়। তবে এর আগেও কিছুদিন পরপর নানির বাসায় সিয়ামের আসা-যাওয়া ছিল। ঘটনার দিন ১৮ নভেম্বর বিকেলেও সে নানির বাসায় এসেছিল বলে জানিয়েছেন জুবায়ের খান। এতে নানি নাতির সম্পর্কটাও অনেক ভালো ছিলো।
গত ১৮ নভেম্বর হত্যাকাণ্ডের দিন বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় ছেলে জুবায়ের খানের। তখন মা তাঁকে জানিয়েছিলেন, বাইরে গিয়ে বুট, পেঁয়াজুসহ কিছু খাবার কিনে খাবেন। স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তখনো বুঝতে পারেননি, সেটিই হতে যাচ্ছে মায়ের সঙ্গে তাঁর শেষ কথোপকথন।
এরপর সন্ধ্যার পর পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তাঁর চতুর্থ মেয়ে নাহিদা আক্তার ও নাতি বাঁধন ভবনের নিরাপত্তাকর্মীকে ফোন করে খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করেন। পরে অন্য কক্ষে হাত- বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লুৎফুর নাহারকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মায়ের মৃত্যুর খবর পাওয়ার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জুবায়ের খান। তিনি বলেন, যখন আমার কাছে খবর আসে, তখন জাপানে রাত সাড়ে ১২টা। আমি ঘুমিয়ে ছিলাম। আমার সঙ্গে যে রুমমেট থাকেন, তিনি আমার মোবাইলে দেশের একাধিক নম্বর থেকে কল আসতে দেখে আমাকে ঘুম থেকে ডেকে বলেন, তোমার দেশ থেকে অনেকগুলো কল আসছে, তুমি ফোনটা ধরো।
তিনি বলেন, ফোন রিসিভ করতেই আমার বড় বোনের ছেলে ভাগিনা বাঁধনের কাছ থেকে মায়ের এমন নির্মমভাবে খুন হওয়ার খবর শুনি। প্রথমে নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার অন্য বোন ও আত্মীয়স্বজনের কাছে ফোন করে বিষয়টি নিশ্চিত হই।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আর দেরি করেননি তিনি।
জুবায়ের বলেন, এরপর হঠাৎ করে আমার এক জেঠাতো ভাইয়ের সহযোগিতায় বাংলাদেশ বিমানের দুপুরের ফ্লাইটে দেশে আসার টিকিটের ব্যবস্থা হয়। মায়ের এমন মৃত্যুর খবর শুনে বিদেশে বসে থাকা আমার জন্য খুবই কষ্টের ছিল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আওলাদ হোসেন রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিয়ামকে শনাক্ত করেন। পরে ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন জুয়া খেলতে গিয়ে সিয়ামের ঋণ ও আর্থিক সংকট তৈরি হয়েছিল। সেই ঋণের টাকা পরিশোধের পরিকল্পনা থেকেই সে নানিকে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার দিন কৌশলে বাসায় প্রবেশ করে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। পরে তাঁর গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়।
সিয়ামের দেখানো মতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া নুরুল্লাহপুর এলাকায় তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করে পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সে।
মাকে হারিয়ে শোকাহত জুবায়ের খান বলেন, যে আমার মাকে হত্যা করেছে, সে যেই হোক, আইনগতভাবে তার যে শাস্তি হবে, আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক। আমি আমার মায়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত কিশোরের বাবা-মায়েরও বক্তব্য, হত্যাকারী যে-ই হোক, তাঁরা একজন মায়ের হত্যার বিচার চান। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, আইনের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
একদিকে মায়ের নির্মম হত্যাকাণ্ডে শোকাহত পরিবার, অন্যদিকে নিজের পরিবারের সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ। সব মিলিয়ে ঘটনাটি দুই পরিবারের জন্যই গভীর বেদনার হয়ে উঠেছে।
একটি নিরাপদ আশ্রয়ের প্রত্যাশায় গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন লুৎফুর নাহার। চেয়েছিলেন প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে থাকবে, আত্মীয়স্বজনও সহজে তাঁর কাছে আসতে পারবেন। ছেলের কাছে করা সেই ছোট্ট আবদার পূরণ হয়েছিল ঠিকই, কিন্তু শহরের সেই নতুন ঠিকানায় তাঁর জীবন আর নিরাপদ থাকেনি। মায়ের সঙ্গে বিকেল ৪টার শেষ কথোপকথনটি এখন জাপান প্রবাসী ছেলে জুবায়ের খানের কাছে সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে। তাঁর একটাই প্রত্যাশা, মায়ের হত্যার সুষ্ঠু বিচার এবং অপরাধের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৬ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur