“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ নভেম্বর সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, তিনি বলেন- ‘‘ চাঁদপুরের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জেলায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে অনেক মানুষ জড়িত। খামারিদের আধুনিক প্রযুক্তি,উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।’’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে প্রাণিসম্পদ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন।
আলোচনা সভায় সফল খামারিদের পক্ষে বক্তব্য রাখেন শাহিনুর বেগম এবং সফল উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অভিজ্ঞতা ও উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পশু ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট পণ্য নিয়ে বিভিন্ন স্টল সাজিয়ে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন পশু ও প্রাণিসম্পদ বিষয়ক ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও তাঁদের পণ্য ও সেবা নিয়ে উপস্থিত ছিলেন।
এ দিকে জেলার ৮ উপজেলায় ৪ লাখ ১৯ হাজার ৪শ গরু,২ লাখ ৯৯ হাজার ৬শ ছাগল, ৮ লাখ ৬৮ হাজার ৮শ হাঁস, ৪২ লাখ ৩৭ হাজার মোরগ-মুরগি , ১ লাখ ৬৯ হাজার কবুত েরয়েছে বলে জেলা প্রাণি সম্পদ বিভাগর প্রদত্ত এক প্রতিবেদন জানা গেছে ।
প্রসঙ্গত-অর্থনৈতিক ও পুষ্টিগত সুবিধার পাশাপাশি চাঁদপুরের চরাঞ্চলে হাঁস-মুরগি পালন নারীর ক্ষমতায়ন,দুর্যোগ মোকাবিলা এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে।
চাঁদপুরের চরাঞ্চলে নারী-পুরুষ মিলে যেমন-হাইমচর, মতলব ও সদরের মেঘনা নদীবেষ্টিত চর) ঐ সব হাঁস-মুরগি প্রতিপালন করে স্থানীয় মানুষজন অর্থনৈতিক সচ্ছলতা,কম খরচে উৎপাদন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের মতো বহুমুখী উপকার পাচ্ছেন।
মেঘনা নদী,খাল-বিল এবং চরের বিস্তীর্ণ জলাশয় থেকে হাঁসগুলো-ছোট মাছ ও জলজ পোকামাকড় খেয়ে বড় হয়। ফলে খামারিদের কেনা খাবারের খরচ অনেক কমে যায়। অল্প পুঁজিতে দ্রুত আয় ও কর্মসংস্থানে গবাদিপশু পালনের তুলনায় হাঁস-মুরগি পালনে পুঁজি ও জায়গার প্রয়োজন কম হয়। চরাঞ্চলের বেকার যুবক ও গ্রামীণ নারীরা বাড়িতে বসেই ডিম ও মাংস বিক্রি করে নিয়মিত নগদ অর্থ উপার্জন করছেন। নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ চরাঞ্চলের মানুষের জন্য ডিম ও মাংস সহজলভ্য এবং উন্নতমানের প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে কাজ করছে। হাঁস-মুরগির বিষ্ঠা চরের বালুময় ও পলিমাটির জমিতে উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা সবজি ও অন্যান্য ফসল চাষে সহায়তা করে।
চরের পুকুর বা ঘেরে মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করে খামারিরা একই জায়গা থেকে দ্বিগুণ লাভবান হচ্ছেন। খোলামেলা পরিবেশ ও জলাশয়ে বিচরণের কারণে বিশেষ করে দেশি হাঁস ও মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে,ফলে মৃত্যুহার কম হয়। চরের পুরুষরা সাধারণত নদীতে মাছ ধরা বা কৃষিকাজে ব্যস্ত থাকেন। এ সময়ে নারীরা সংসারের কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন করে নিজেদের হাতে নগদ অর্থ রাখছেন,যা পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াচ্ছে। মেঘনার ভাঙন বা বন্যার সময় গবাদিপশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া কঠিন ও ব্যয়বহুল। কিন্তু হাঁস-মুরগি সহজেই নৌকায় বা উঁচু স্থানে সরিয়ে নেওয়া যায় এবং বিপদের সময় দ্রুত বিক্রি করে নগদ টাকা পাওয়া যায়। ডিম ও মাংসের স্থানীয় সরবরাহ চেইন তৈরি. চরাঞ্চল থেকে নৌ-পথে খুব সহজেই চাঁদপুর সদর,হাইমচর বা মতলবের বড় বাজারগুলোতে ডিম ও হাঁস-মুরগি সরবরাহ করা যায়। এতে এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ও পাইকারদের একটি নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে। হাইমচরের তেলিরমোড়ে এর দৃশ্য দেখা যায় ।
পোকামাকড় দমন ও ফসলের সুরক্ষা. চরের ধান ও সবজি ক্ষেতে হাঁস-মুরগি বিচরণ করার সময় ক্ষতিকর পোকামাকড় ও আগাছা খেয়ে ফেলে। ফলে কৃষকদের কীটনাশক ব্যবহারের খরচ কমে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। ডিম ও মুরগি বিক্রির নিয়মিত আয় থেকে চরের দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের শিক্ষা উপকরণ কেনা এবং জরুরি চিকিৎসার খরচ মেটাতে পারছে।
আবদুল গনি
২৬ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur