Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
রাষ্ট্রীয়

মতলব উত্তরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার (৭২)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার হরিনা কবরস্থান সংলগ্ন মাঠে প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মতলভ উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় মতলব উত্তর থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে হরিনা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকার বহু ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহণ করেন ।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ১ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া মানুষজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক/
১০ সেপ্টেম্বর ২০২৬