চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে সৃষ্ট আগুনে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা গেছে। একই সঙ্গে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘর ও গোয়ালঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে আটকে থাকা দুটি গাভিন গরুও আগুনে পুড়ে মারা যায়।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তাঁর বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুও রক্ষা করতে পারেননি। সব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।
পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক/
১০ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur