শিশু-কিশোর ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলা এবং বিদ্যমান মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অথচ চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার বড় মাঠ থাকা সত্ত্বেও সেখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থী ও স্থানীয় তরুণেরা। দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় অবশেষে মাঠ উন্মুক্ত করার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের দ্বারস্থ হয়েছেন ক্রীড়াপ্রেমী তরুণেরা।
ঘটনাটি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসলামপুর শাহ্ ইয়াছিন সিনিয়র ফাজিল মাদ্রাসার। অভিযোগ উঠেছে, মাদ্রাসার বড় মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে লেখাপড়ার পাশাপাশি শারীরিক অনুশীলন ও সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে উদীয়মান প্রজন্ম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর এলাকার তরুণদের পক্ষে মো. হৃদয় মুন্সী চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় যুবসমাজ অবসর সময়ে সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসার মাঠটি কমিটির অজুহাতে আটকে রাখায় স্বাভাবিক খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে গত ৮ অক্টোবর সচিবালয়ে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দেন। একই সঙ্গে মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর এমন যুগান্তকারী নির্দেশনার পর ফরিদগঞ্জের এই মাদ্রাসার মাঠটি উন্মুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন-যেখানে মাঠের অভাবে যুবসমাজ বিপথগামী হচ্ছে, সেখানে একটি প্রাতিষ্ঠানিক মাঠ কেন তালাবদ্ধ থাকবে?
তবে মাঠটি উন্মুক্ত না করার পেছনে ভিন্ন যুক্তি দিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আমির হোসেন। তিনি দাবি করেন, মাদ্রাসার পেছনে দু’জন পীর ছাহেব শায়িত আছেন এবং সেখানে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এ কারণে মাঠে খেলাধুলার অনুমতি দেওয়া হয় না, এতে তাদের প্রতি অবমাননা হতে পারে। তাছাড়া মাদ্রাসার সভাপতির সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ আমার নেই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূল মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী থাকায় আপাতত ইবতেদায়ি শাখার সামনের মাঠটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মূল মাঠটি খেলাধুলার উপযোগী করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছিল। তদন্ত শেষে বিকল্প মাঠ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের দাবি, মাঠটি শুধু একটি প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী ও এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সময়সূচিতে মাঠটি ব্যবহারের সুযোগ তৈরি করা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে-এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
প্রতিবেদক: শিমুল হাছান,
১১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur