চাঁদপুরের হাইমচরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অপহরণ মামলায় এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। একই সঙ্গে মামলার ভিকটিম ১৪ বছর বয়সী জুমানা আক্তারকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাইমচর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রায়হান গাজী (২০) ও রাকিব গাজী (২২)। তারা উভয়েই একই এলাকার আবুল কাশেম গাজী ও পারভিন বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানায় দায়ের করা এফআইআর নং-২, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২২৮-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলায় তারা এজাহারনামীয় আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
মামলার পর হাইমচর থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাইমচর থানার এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই স্থান থেকে মামলার ভিকটিম জুমানা আক্তারকে উদ্ধার করা হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ভিকটিমকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur