Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিষ্ঠানকে

হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির দায়ে চাঁদপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে অভিযান চালিয়ে তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

জরিমানার অর্থ প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২ নভেম্বর ২০২৬