চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে শাস্তিমূলক বদলি করেছে স্বাস্থ্য বিভাগ।জানা যায়, গত ৮ এপ্রিল কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে ৫ বছর বয়সী শিশু আলিফা জ্বর নিয়ে চিকিৎসা নিতে এলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন শিশুটির শরীরে প্রয়োগ করেন। বিষয়টি বুঝতে পেরে রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয
পরবর্তীতে ভুক্তভোগীর স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে গিয়ে মৌখিক অভিযোগ করেন এবং সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন। একই সঙ্গে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে জরুরি বিভাগ থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে গেলে ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার কারনে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ কে সন্দ্বীপে বদলি করা হয়েছে। এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।
এ ঘটনায় রোগীর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৯ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur