চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমিটি অবহেলিত। সকল স্কুলে শিক্ষার মান যেমন এক হবে। তেমন সকল স্কুলের সুযোগ-সুবিধা এক হওয়ার উচিত। সেই হিসেবে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির দিকে গত ১৫ বছর নজর দেওয়া হয়নি। এই স্কুলের একটি ভালো দিক আছে, তা হলো স্কুলের সামনে একটি মাঠ আছে। এ মাঠে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে। যার কারণে মাদকের মতো ভয়াবহ দিক থেকে দূরে থাকা যাবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়া ও খেলাধুলায় অবদান থাকতে হবে। তোমরা কিশোর গ্যাংয়ের সাথে জড়াবে না। মোবাইলে আসক্ত হবে না। তোমরা ভালো ফলাফল করলে আমার পক্ষ থেকে উপহার আছে। লেখাপড়া ক্ষেত্রে তোমাদের কারো যদি কোন সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে। আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমার সন্তানকে যেভাবে সহযোগিতা করি তোমাদের একইভাবে সহযোগিতা করবো।
চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একরামুল সিদ্দিক।
চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ও শিক্ষক শাহাদাত হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ বেপারী ও এসএসসি পরিক্ষার্থী মাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।
উল্লেখ্য, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৯ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur