চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের নির্দেশনায় ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা ও আনসার ব্যাটালিয়ন। এছাড়া অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৮ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur