Home / সারাদেশ / কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১
আটক

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার লুতফুর জানান, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার লুতফুর রহমান জানান, আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মূলত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই জেলার বিভিন্ন স্থানে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানে উঠতি বয়সের বিপথগামী কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীকে আইনের আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।”

অভিযানে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৪ নভেম্বর ২০২৬