চাঁদপুরের হাজীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট ও হামলার চেষ্টার দায়ে আবু সালেহ রিমন (৩০) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত রিমন উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের মো. সাকির হোসেনের ছেলে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার নেশাগ্রস্ত অবস্থায় রিমন স্থানীয় এক যুবককে মারধর করেন এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালান। এ অভিযোগে তাকে আটক করা হয়।
রিমনের বাবা মো. সাকির হোসেন বলেন, “দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর গত প্রায় এক বছর ধরে রিমন মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই স্ত্রীকে মারধর করতো, যার ফলে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হয়। বারবার নিষেধ করা সত্ত্বেও রিমন রাতের আঁধারে বাড়িতে নিয়মিত মাদকের আসর বসাতো এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করতো।”
এছাড়া স্থানীয়দের অভিযোগ, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা লঙ্ঘন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
হাজীগঞ্জ প্রতিনিধি/
২৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur