রহিমানগর-সাতবাড়িয়া সড়কে ড্রেনেজ নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর-সাতবাড়িয়া-ভাতেশ্বর সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করে দিলেন ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. তাবারক উল্লাহ।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে থাকায় পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কের পাশে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটির ওই অংশ দিয়ে চলাচল অনেকটা অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়ে যেত।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চেয়ারম্যান পদপ্রার্থী তাবারক উল্লাহ নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কের পাশে ড্রেনেজ নির্মাণের ব্যবস্থা করেন। ড্রেনেজ নির্মাণের ফলে বৃষ্টির পানি ও সড়কের জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তাবারক উল্লাহ নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করে দেওয়ায় আমরা আনন্দিত। জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে কাজ করছেনÑএটি প্রশংসনীয় উদ্যোগ।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তাবারক উল্লাহ বলেন, ‘জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়। মানুষের প্রয়োজন ও দুর্ভোগ দেখলে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য আমি নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও গোহট উত্তর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
স্থানীয়রা জানান, তাবারক উল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। রাস্তা সংস্কার, পানি নিষ্কাশনসহ সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তার ব্যক্তিগত উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ জুলাই ২০২৬