কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি। অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর, প্রিয় শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে অশ্রæসিক্ত ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও রাজকীয় আয়োজনে বিদায় জানালেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীরা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে তাঁর এই বিদায় যেন কেবল একজন শিক্ষকের অবসর নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম, জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী। বক্তব্য দেন বিদ্যালয়ের অফিস সহকারী মো. শাহ পরান, প্রাক্তন শিক্ষার্থী ডা. শামীম, জাহিদুল হাসানসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর মানুষ হওয়ার শিক্ষা দেন। দীর্ঘ ৩৮ বছর ধরে এ জেড এম জামাল উদ্দিন তাঁর দায়িত্ব ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যে অবদান রেখে গেছেন, তা বিদ্যালয় ও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবন থেকে অবসর নিলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর অবস্থান কখনো মুছে যাবে না। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিদায়ী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সময়।

এ সময় দীর্ঘদিনের সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা এবং বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। পরে ফুল দিয়ে সাজানো সুসজ্জিত রাজকীয় গাড়িতে করে তাঁকে তাঁর গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়। ৩৮ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা আর প্রিয় শিক্ষার্থীদের শ্রদ্ধা নিয়ে এ জেড এম জামাল উদ্দিনের এই বিদায় উপস্থিত সবার মনে আবেগের ছাপ রেখে যায়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হয়তো আর তাঁর নিয়মিত পাঠদান শোনা যাবে না, তবে তাঁর হাতে গড়া শিক্ষার্থীদের সাফল্য ও স্মৃতির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন বহুদিন। একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর পদ-পদবি কিংবা কর্মজীবনের মেয়াদে নয়, বরং তাঁর শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায়। কচুয়ার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের এই রাজকীয় বিদায় যেন সেই ভালোবাসারই এক অনন্য বহিঃপ্রকাশ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ নভেম্বর ২০২৬