মতলবে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে হট্টগোল, খেলা অমীমাংসিত
ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে চাঁদপুরের মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলে ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়।
শুক্রবার (৫ জুন) বিকেলে ঐতিহাসিক মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মতলবের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ খেলায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার।
খেলায় সভাপতিত্ব করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান।
ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। দর্শকদের প্রাণবন্ত সমর্থনে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। তবে হাফটাইমের পরপরই রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে মাঠে হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু উত্তেজনা প্রশমিত না হওয়ায় খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয় এবং কোনো ফলাফল ছাড়াই অমীমাংসিত অবস্থায় শেষ হয়।
মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফয়সাল খন্দকার বলেন, খেলার এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সাময়িক বাকবিতণ্ডা সৃষ্টি হলেও উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মারামারি হয়নি। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে আরও বৃহৎ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/ ৬ জুন ২০২৬