ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সবাইকে সচেতন থাকতে হবে- এমপি মানিক

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই দেশটাকে ভালোবাসি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সব দায়িত্ব সরকারের একার নয়, জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, চরাঞ্চলে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। প্রতিদিন চরাঞ্চলে নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। পাশাপাশি রেলওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার এবং টহল কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে এমপি মানিক বলেন, এসব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সড়কের পাশের বাড়িঘর ও দোকানপাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এতে অপরাধীদের শনাক্ত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। জনগণ সচেতন ও সহযোগী না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।

তিনি আরো বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, অফিসের আশপাশের পরিবেশ ভালো থাকলে কর্মকর্তা-কর্মচারীদের মন ভালো থাকে এবং কাজের গতিও বাড়ে। ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমে এসেছে, তবে এ বিষয়ে সতর্কতা অব্যাহত রাখতে হবে। ইব্রাহীমপুর এলাকায় বাল্যবিয়ের হার তুলনামূলক বেশি উল্লেখ করে এ সামাজিক ব্যাধি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের টিকাদান কার্যক্রমের সঙ্গে জন্মনিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে এমপি মানিক বলেন, শিশুর দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময়ই যেন জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস এবং কোস্টগার্ড প্রতিনিধি মো. কাইয়ুম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

স্টাফ রিপোর্টার/
২৯ নভেম্বর ২০২৬