বারডেমের নতুন মহাপরিচালক হাজীগঞ্জের সন্তান ডা. নাছির উদ্দীন আহমেদ

বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাছির উদ্দীন আহমেদ (অব.)। গত ১৪ সেপ্টেম্বর তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাছির উদ্দীন আহমেদ এর আগেও বারডেম হাসপাতালে একাধিক উচ্চপর্যায়ের প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক হিসেবে সেবা দেওয়ার পাশাপাশি পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) পদসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। বারডেমের সার্বিক প্রশাসনিক ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনা উন্নয়নে তাঁর পূর্ব অভিজ্ঞতা বিশেষ ভূমিকা পালন করেছে।

বারডেমে কাজ করার পূর্বে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা কোরে দীর্ঘ সময় দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বিস্তর প্রশাসনিক দক্ষতা এবং চিকিৎসা ব্যবস্থাপনার অভিজ্ঞতা বারডেমের আধুনিকায়ন ও রোগীসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রসঙ্গত, ডা. নাছির উদ্দিন আহমেদের এই অর্জনে তাঁর জন্মভূমি চাঁদপুরবাসী অত্যন্ত গর্বিত। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মানবিক ও জনসেবামূলক শিক্ষার দীক্ষা তিনি পেয়েছেন পারিবারিক আবহ থেকেই; তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র।

বারডেম জেনারেল হাসপাতালে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ ও চিকিৎসাসেবার সার্বিক গুণগত মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁদপুরের এই কৃতী সন্তানের নতুন দায়িত্বে সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্টাফ করেসপন্ডেট/
৩০ সেপ্টেম্বর ২০২৬