যে ঘুম ভাঙবে না আর…

দুপুরের নিস্তব্ধতা। ঘরের ভেতর নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল অবুঝ দুই ভাইবোন। বাইরে তখন স্বাভাবিক দিনের মতোই সময় গড়িয়ে চলছিল। হঠাৎ সেই শান্ত দুপুর পরিণত হয় ভয়াবহ বিভীষিকায়। বসতঘরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আগুনের ভয়াবহতা বুঝে ওঠার আগেই চিরতরে নিভে যায় দুই বছরের শিশু আনাছ হোসেনের জীবন। আর তারই পাশে থাকা বোন মরিয়ম আক্তার দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে।

একটি অগ্নিকাণ্ড মুহূর্তেই তছনছ করে দিয়েছে দুটি পরিবারের স্বপ্ন, সাজানো সংসার আর স্বাভাবিক জীবন। যে ঘরে শিশুদের হাসি-খেলায় মুখর থাকার কথা, সেখানে এখন স্বজনদের আহাজারি আর শোকের ভারী পরিবেশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও তার বোন মরিয়ম। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা দুজনই আগুনের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বছরের আনাছ।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আগুনের ভয়াবহতায় নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরবাড়ির পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

একটি পরিবারের কাছে যে দুটি সন্তান ছিল ভবিষ্যতের স্বপ্ন। অথচ এক দুপুরের আগুন কেড়ে নিল একজনের জীবন। আর আরেকজনকে ঠেলে দিল অনিশ্চিত চিকিৎসাযুদ্ধের মুখে। আগুনে পুড়ে যাওয়া ঘর হয়তো একদিন আবার তৈরি হবে, কিন্তু যে শিশুটি আর কোনো দিন ঘুম ভেঙে মায়ের কোলে ফিরবে না, তার শূন্যতা পূরণ হওয়ার নয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২২ নভেম্বর ২০২৬