হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। সরকারি অফিসে ঢোকার ক্ষেত্রে সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।
সরেজমিনে দেখা যায়, অনুমতি ছাড়াই ইউএনওর সঙ্গে দেখা করছেন সেবাগ্রহীতারা। প্রতিদিনই বিভিন্ন সমস্যার সমাধান ও সেবার আশায় আসা মানুষের যাওয়া–আসা তাঁর কার্যালয়ে। ধৈর্য নিয়ে সবার কথা শুনছেন। সাধ্যমতো সমস্যার সমাধান ও সেবা দেওয়ার চেষ্টা করছেন ইউএনও।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকালে কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিলাতী বেগম নামের সত্তরোর্ধ্ব এক নারী ইউএনওর সঙ্গে কথা বলছেন। মনোযোগ দিয়ে ওই নারীর কথা শুনছেন তিনি। এছাড়াও বিভিন্ন কাজে তথা ভূমি সংক্রান্ত বিরোধ, জন্ম নিবন্ধন, ভাতা সুবিধাভোগী নানা শ্রেণীর মানুষের চাপে যেন দিশেহারা হয়ে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহেদ হোসেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে ইউএনও এই ব্যবস্থা চালু করেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে জনবান্ধব প্রশাসনের এই চর্চা চালু করায় প্রশংসায় ভাসছেন তিনি। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, অন্যান্য সরকারি দপ্তরেও সাধারণ মানুষ যাতে কোনো ধরনের সংকোচবোধ ছাড়াই সেবা নিতে পারে, এমন ব্যবস্থা যেন চালু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহেদ হোসেন বলেন, ‘প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আমার দপ্তরে নানা বিষয় নিয়ে আসেন। দাপ্তরিক কাজের ফাঁকে তাদের সেবা টুকু দিয়ে থাকি। এতে কিছুটা কাজে বিড়ম্বনা পড়লেও দিন শেষে তৃপ্তি পাই। তবে আশংকা করতেছি আমার পরবর্তী ইউএনও আসলে তিনি হয়তো আমার সেবাকে ভিন্ন চোখে দেখেন কিনা।’
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২৬ নভেম্বর ২০২৬