হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সে সময় শিশু দুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই শিশু আনাছের মৃত্যু হয় এবং তার বোন মরিয়ম গুরুতর দগ্ধ হয়। অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘরসহ ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
পরে স্থানীয়রা দগ্ধ মরিয়মকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২২ নভেম্বর ২০২৬