কচুয়া কাদলা ফুটবল প্রিমিয়ার লীগে উদ্বোধন
চাঁদপুরের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে কাদলা ফুটবল প্রিমিয়ার লীগ (কেএফপিএল)-এর ১০ম আসরের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে কাদলা বসুন্ধরা একাদশকে ২-০ গোলে পরাজিত করে কাদলা এভারগ্রীন একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার বিকেলে কচুয়া উপজেলার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাদলা দরবেশগঞ্জ সমাজকল্যাণ ও খেলাঘরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রাজ্জাক তপাদার। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু নাছের মিয়াজী।
তরুণ সমাজসেবক মো. সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে কাদলা এভার গ্রীন একাদশ ও কাদলা বসুন্ধরা একাদশের খেলোয়াড়েরা মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা উপহার দেন। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাদলা এভার গ্রীন একাদশ। খেলা উপভোগ করতে মাঠে এলাকার অসংখ্য ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক বশির উল্লাহ রোকন, মো. বরকত উল্লাহ, মো. মহসিন আহমেদ, খেলা আয়োজক কমিটির সদস্য আরিফুজ্জামান বাবু, মিনহাজ কবির অন্তু ও শাকিল গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক।
আয়োজকেরা জানান, কাদলা ফুটবল প্রিমিয়ার লীগের এ আয়োজনের মূল লক্ষ্য স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকান্ডে স¤পৃক্ত রাখা।
নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পার¯পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন। কাদলা ফুটবল প্রিমিয়ার লীগের ১০ম আসরকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার ফুটবলচর্চা আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ অক্টোবর ২০২৬