কচুয়ায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
কচুয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জড়িত থাকার সন্দেহে সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কচুয়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার রহিমানগর গোহট এলাকার আওয়ামী লীগ নেতা মো. বাবুল গাজী প্রকাশ জুট বাবুল, দোয়াটি এলাকার বাসিন্দা রিপন সরকার, দারশাহী-তুলপাই এলাকার যুবলীগ নেতা আবু সুফিয়ান এবং রামদেবপুর এলাকার ছাত্রলীগ কর্মী মো. আরিফুল ইসলাম। থানা পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার এফআইআর নং-৫৬, তারিখ ২৫ জুন ২০২৬; জিআর নং-২৩৬, তারিখ ২৫ জুন ২০২৬; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ নভেম্বর ২০২৬