শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ফরিদগঞ্জের শফিকুল ইসলাম
দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এসআই মো. শফিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে জেলার মধ্যে সর্বোচ্চ পরোয়ানা তামিল, দ্রুত মামলা নিষ্পত্তি এবং বিভিন্ন মামলায় আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ এসআই হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি মাদক উদ্ধারেও তাঁর উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে মাসিক কল্যাণ সভায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমন স্বীকৃতি ও সম্মাননা পেয়ে এসআই মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ ও ওসি (তদন্ত) আল আমিন তালুকদার স্যারের সার্বিক সহযোগিতায় আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও বিভিন্ন মামলার কাজ করে যাচ্ছি। এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৬ নভেম্বর ২০২৬