কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চাঁদপুরের কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।

এ বছর কচুয়া উপজেলার ৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৫৯ জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৫৪২ জন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২৫ জন, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে ২৮৮ জন, মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন, সাচার উচ্চ বিদ্যালয়ে ৬০০ জন এবং রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৯৫ জন।

পরীক্ষা চলাকালে পৃথকভাবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর চৌধুরী, সাধারণ স¤পাদক আমির হোসেন মজুমদার ও পরিচালক মাওলানা ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টদের সার্বিক তদারকি ও সহযোগিতায় সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ নভেম্বর ২০২৬