ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতে মো. নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরের আগে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তাঁর তিন মাস বয়সী ফারাজানা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পূর্বমুহূর্তে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নবী হোসেন মিজি পাশের ভোটাল গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তিন মাস বয়সী শিশুকন্যাকে রেখে নবী হোসেনের অকাল মৃত্যু এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ জুন ২০২৬