ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাঁরা ফরিদগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই আতাউর রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ভাড়া বাসা থেকে ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল ও প্রিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে অবস্থান করে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ নভেম্বর ২০২৬