পারিবারিক কলহের জেরে কচুয়ায় কিশোরীর আত্মহনন

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কোয়া-চাঁদপুর কালাগাজী বাড়িতে পারিবারিক কলহের জের ধরে নাদিয়া আক্তার নামের (১৬) এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। নাদিয়া আক্তার ২০২৬ সালের চান্দিনার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে অকৃতকার্য হয়।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক সমস্যার কারণেই এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, নিহতের বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী ও সন্তানদের খোঁজ-খবর নেন না। জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফল গত ১১ আগস্ট প্রকাশিত হয়েছে। ফলাফল খারাপের কারণে আত্মহত্যা করার ইচ্ছা থাকলে ঘটনা আরও আগেই ঘটতো। তাই এই মৃত্যুর সাথে পরীক্ষার ফলাফলের কোনো সম্পর্ক নেই।

অভিমান করেই ওই কিশোরী আত্মহত্যা করতে পারে ধারণা পরিবারের।

এ বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ আগস্ট ২০২৬