নিজস্ব ও জনস্বার্থে সহযোগিতা চাইলেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক
প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় নাগরিক সেবার ক্ষেত্রে এখনও রয়েছে নানা ঘাটতি। বিশেষ করে বর্ষা মৌসুম ও অতিবৃষ্টির সময় পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা ও বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকাই এ সমস্যার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ প্রেক্ষাপটে পৌর এলাকার নাগরিক দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। তিনি বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
এসময় পৌর প্রশাসনের কর্মকর্তা, পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ফরিদগঞ্জ চৌরাস্তা থেকে থানার মোড় পর্যন্ত সড়কের ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দেখা যায়, সড়কের দু’পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং পথচারীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
পরিদর্শন শেষে পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, “পৌর এলাকার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তবে কিছু এলাকায় নানা জটিলতার কারণে এখনো নাগরিকরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা ইতোমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে কর্মপরিকল্পনা প্রণয়ন শুরু করেছি।”
তিনি আরও বলেন, “ফরিদগঞ্জ চৌরাস্তা থেকে থানার মোড় পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ড্রেনেজ ব্যবস্থার অভাব দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
পৌর প্রশাসক নাগরিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “নিজের ও জনস্বার্থের কথা বিবেচনা করে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাজারের ব্যবসায়ী, দোকান মালিক এবং আবাসিক এলাকার বাসিন্দারা যদি সচেতন হয়ে সহযোগিতা করেন, তাহলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে একটি আধুনিক ও সেবামুখী পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, পৌর নাগরিক কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন নান্নু এবং সদস্য সচিব ইমাম হোসেনসহ অন্যান্যরা।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিকরা পাবেন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পৌর পরিবেশ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ এপ্রিল ২০২৬