কচুয়ায় ওবায়েদুল হক উবিতে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি
চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঠদানের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালুর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়টিকে একাদশ শ্রেণিতে পাঠদানের এ অনুমতি প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উলেখ করা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে নির্দেশক্রমে পাঠদানের অনুমতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মনোয়ার হোসেন।
বিদ্যালয়টিতে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পাওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে কচুয়া উপজেলার আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য এটি একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এ অর্জনের পেছনে ভ‚মিকা রাখা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন এ অনুমোদনের ফলে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন, সুশিক্ষা বিস্তার এবং এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ শিক্ষক ও মানসম্মত পাঠদানের মাধ্যমে ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে। শিক্ষা মন্ত্রণালয়ের এ অনুমোদন কচুয়ার শিক্ষা অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের পাটোয়ারী বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন এমপির প্রচেষ্টায় ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর আন্তরিক সহযোগিতায় এ বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হচ্ছে। এলাকাবাসী ও শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ নভেম্বর ২০২৬