কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মনির হোসেন
কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, কচুয়ার সফিবাদ গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মো. মনির হোসেন সরকারকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. মনির হোসেন সরকার (পরিচিতি নম্বর-৮৮৫২) বর্তমানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সরকারি এস এ কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এম এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে। ড. মনির হোসেন সরকার কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত হওয়ায় কলেজটির প্রশাসনিক দায়িত্ব পালনে নতুন পদায়ন কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২০ নভেম্বর ২০২৬