কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ

কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, তরুণ সমাজসেবক মোহাম্মদ উল্লাহর গণসংযোগ অব্যাহত রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সিংআড্ডা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

যুব নেতা মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পারিবারিকভাবেও মানুষের সেবা করার একটি ঐতিহ্য রয়েছে তার। তার প্রয়াত বাবা দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। বাবার সেই জনসেবামূলক আদর্শ অনুসরণ করেই তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে মোহাম্মদ উল্লাহ বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার একটি বড় সুযোগ। আমার বাবা সারাজীবন মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন। আমিও তার আদর্শ ধারণ করে কচুয়া উত্তর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি চাই ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা পায়। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের পরামর্শ, দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

গণসংযোগকালে স্থানীয়দের অনেকেই তার সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মোহাম্মদ উল্লাহ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। গণসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান তুলে ধরছেন।

সিংআড্ডা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধারাবাহিক এ গণসংযোগের মধ্য দিয়ে মোহাম্মদ উল্লাহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৯ নভেম্বর ২০২৬