কচুয়ায় শ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেলেন মেহেদী হাসান

চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পুরস্কার ও সম্মাননা সনদ পেয়েছেন বিতারা ইউনিয়ন পূর্ব বিএনপির সাধারণ স¤পাদক মো. মেহেদী হাসান। তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘনিষ্ঠ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। রোববার সকালে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছ অবমুক্তকরণ, উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে মো. মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি মো. খায়ল আবেদীন স্বপনের হাত থেকে তিনি পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের সময় মেহেদী হাসান বলেন, মৎস্য চাষ শুধু নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি তরুণদের মৎস্য খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মাসুদ এলাহি সুভাষ, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া প্রেসক্লাবের মো. আতাউল করিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে মো. মেহেদী হাসান প্রথম, কাজী মো. আব্দুল হাই দ্বিতীয় এবং বিল্লাল হোসেন তৃতীয় স্থান অর্জন করেন। মৎস্য চাষে অবদান ও সফলতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা স্থানীয় পর্যায়ে মৎস্য চাষিদের মধ্যে উৎসাহ ও আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
১৬ আগস্ট ২০২৬