২২ দিনে রেমিট্যান্স অর্জন ৮ হাজার ৯৯১ কোটি টাকা

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১০ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫ শতাংশে। এর আগে, অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

এ ছাড়া, গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আর আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

২৪ নভেম্বর ২০২৬
এ জি