কচুয়ায় নিখোঁজ গ্রাম পুলিশকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদে কর্মরত তিন দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য আবদুল কাদেরকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাচার কান্দিরপাড় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নিখোঁজ আবদুল কাদেরকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবদুল কাদের একজন দায়িত্বশীল গ্রাম পুলিশ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সাচার ইউনিয়ন পরিষদে কর্মরত। তিন দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাকে জীবিত অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, আবদুল কাদের কোথায় আছেন, কীভাবে নিখোঁজ হয়েছেন-এ বিষয়ে দ্রুত অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।

একই সঙ্গে তাকে জীবিত উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোজ আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া বেগম, গ্রাম পুলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্য সূত্রধর, সাচার বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন, অলিউল্লাহ প্রধান, সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক, গ্রাম পুলিশ সদস্য মোস্তফা ও সোলেমান প্রমূখ।

মানববন্ধন থেকে নিখোঁজ আবদুল কাদেরকে দ্রুত শনাক্ত করে জীবিত উদ্ধারের পাশাপাশি তার নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের দাবি জানানো হয়।

উল্লেখ্য গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কচুয়ার বারৈয়ারা থেকে সিএনজি যোগে দাউদকান্দি উপজেলার মলয় বাজারে যাওয়ার পর থেকে নিঁেখাজ রয়েছে গ্রাম পুলিশ আব্দুল কাদের। এ ঘটনায় তাহার স্ত্রী রাবেয়া বেগম পরদিন রবিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ আগস্ট ২০২৬