কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, মাছ অবমুক্তকরণ, উদ্বোধনী আলোচনা সভা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মাসুদ এলাহি সুভাষ, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুব আলম মৃধা এবং কচুয়া প্রেসক্লাবের মো. আতাউল করিমসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। জলাশয় ও মৎস্যস¤পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মৎস্য খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বক্তারা আরও বলেন, মৎস্য চাষে আগ্রহী কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় এনে উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, মেহেদী হাসান প্রথম, কাজী মো. আব্দুল হাই দ্বিতীয় এবং বিল্লাল হোসেন তৃতীয়। পরে অতিথিরা নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য চাষি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ আগস্ট ২০২৬