কচুয়ায় চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারকে নতুন ঘর উপহার

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামে এক অসহায় পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘চৌধুরী ফাউন্ডেশন’। অতি সম্প্রতি জরাজীর্ণ ঘর থেকে মুক্তি দিয়ে পরিবারটির থাকার সুবিধার্থে স¤পূর্ণ নিজস্ব খরচে একটি দোচালা টিনের ঘর তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম মাথা গোঁজার ঠাঁইহীন ও আর্থিক কষ্টে দিনাতিপাত করছিল পরিবারটি।

বিষয়টি নজরে আসার পর চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ফয়সাল চৌধুরী জীবন পরিবারটির স্থায়ী বাসস্থানের সংস্থানে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁর সার্বিক অর্থায়নে দ্রুততম সময়ে নতুন ঘরটি নির্মাণ সম্পন্ন করা হয়। অসহায় পরিবারটিকে ঘর বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সেলিম এবং সোলেমান জুনু। নতুন একটি সুসজ্জিত ও মজবুত দোচালা টিনের ঘর পেয়ে দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত পরিবারের সদস্যরা। মাথা গোঁজার একটি নিরাপদ ঠিকানা পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার ও ব্যবসায়ী মো: ফয়সাল চৌধুরী জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সচেতন মহলও চৌধুরী ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ জুলাই ২০২৬