কচুয়ার তেতৈয়া ব্রিজের রেলিং ভেঙে আটকে পড়ল মালবাহী ট্রাক

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া মোল্লা মার্কেট সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে একটি মালবাহী ট্রাক আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাঁচাইয়া ব্রিক-ফিল্ড এলাকার শায়েস্তা খাঁ ব্রিক-ফিল্ড থেকে ব্যবসায়ী বোরহান উদ্দিন তেতৈয়া গাজী বাড়ি এলাকায় জনৈক ব্যক্তিকে ইট পৌঁছে দিতে যায়।

এসময় মোল্লা মার্কেট সংলগ্ন ব্রিজ দিয়ে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় ট্রাক চালক ইয়াছিন এর অদক্ষতার কারণে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি সেখানে আটকে যায়। দুর্ঘটনার পর ব্রিজের ওপর যান চলাচল ব্যাহত হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অতিরিক্ত গতিতে মালবাহী ট্রাক চলাচল করে। অনেক সময় চালকরা সড়কের পরিস্থিতি ও ব্রিজের অবস্থার দিকে যথাযথ নজর না দিয়েই বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এদিকে ব্রিজের রেলিং ভেঙে যাওয়ায় পথচারী ও যানবাহন চালকদের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা দ্রুত ব্রিজ থেকে আটকে থাকা ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক মালিকের কাছ থেকে ব্রিজের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়েরও দাবি করেছেন তারা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ আগস্ট ২০২৬