চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রমে চার শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। পরবর্তী কার্যক্রমসহ ক্যাম্পটি বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হয়।
চিকিৎসা ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা শেষে চার শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ৮৩জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তাদের অপারেশনের জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। রোগীদের যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় চাঁদপুর রোটারী ক্লাব ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে প্রধানত ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন বহন করবে। স্থানীয়ভাবে ক্যাম্পটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন রোটারিয়ান অ্যাডভোকেট মাসুদ রানা, পিএইচএফ।
ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটা. কাজী শাহাদাত, পিএইচএপ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চক্ষু হাসপাতালের আজীবন সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান রোটারী ক্লাব চাঁদপুর ও চক্ষু হাসপাতালের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সুন্দর ও সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
রোটা. কাজী শাহাদাত তাঁর বক্তব্যে চাঁদপুরে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণে রোটারী ক্লাবের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, চাঁদপুরে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে রোটারী ক্লাবের সদস্যরা নিরলস ভূমিকা রেখেছেন। এ সময় তিনি চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. নুরুর রহমান ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা. এমএ গফুরের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, রোটারী ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রকল্পের ধারাবাহিকতায় চক্ষু শিবির পরিচালনার পাশাপাশি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিলো। চাঁদপুরের দ্বিতীয় জেলা প্রশাসক এসএম শামসুল আলমের সহযোগিতায় চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাজহারুল হক ভূঁইয়ার অর্থায়নে তাঁর নামে বর্তমান চক্ষু হাসপাতালের ভবন প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অ্যাড. পলাশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রোটা. অ্যাড. মাসুদ রানা, পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চক্ষু হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য রোটা. ডা. এস এম সহিদ উল্লাহ, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাতার ও সহ-সভাপতি মিজানুর রহমান প্রধানিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল উপস্থিত ছিলেন। চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. নাসির উদ্দিন খান, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. উজ্জ্বল হোসাইন, সহ-সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা, ক্লাবের বর্তমান সেক্রেটারী রোটা. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. জুয়েল হাসান, ডিরেক্টর রোটা. সাইফুল ইসলাম রনি, সহ-বুলেটিন এডিটর রোটা. মানিক লাল দেবনাথ, সদস্য রোটা. আবু সাঈদ কাউসার, রোটা. আলমগীর মিজি, রোটা. ইউনুস উল্লাহ, রোটা. রাসেল সালাউদ্দিন, রোটা. আল-আমিন, রোটা. রাজু আহমেদ ও রোটা. শিমুল সাহা।
চক্ষু হাসপাতালের মেডিকেল টিমে ছিলেন ডা. মো. মশিউর রহমান, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর , প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, অপটোমেট্রিস্ট মো. মঈনুল হোসেন ও হাবিবুর রহমান, চিকিৎসা সহকারী ফয়সাল হোসেন ও ইমরান হোসেন।
এছাড়া রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট বেবিন্টন দাস কিরণ, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব, ঝিনুক দাস, বর্ষা চক্রবর্তী, রূপসী রোটার্যাক্ট ক্লাবের আইপিপি অনিক, প্রেসিডেন্ট বর্ষাসহ আরো অনেকে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ক্যাম্পে সহযোগিতা করার জন্যে উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur