চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ সিকদার (২৫) ও মো. নাঈম (২০)। তারা দুজনই উপজেলার মহজমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার উত্তর চরভাঙ্গা এলাকার কালা চৌকিদার মোড়ের শরীফ মিয়াজির ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে আরিফ সিকদার ও মো. নাঈমকে আটক করা হয়। এ সময় আরিফের হেফাজত থেকে ১০ পিস এবং নাঈমের হেফাজত থেকে ৪ পিসসহ মোট ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৩, তারিখ ৩ নভেম্বর ২০২৬।
হাইমচর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার (৩ নভেম্বর) যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur