হাজীগঞ্জে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জের রাজুর ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিকফিল্ডের কাজে মাটি সংগ্রহের জন্য কয়েকজন শ্রমিক নৌকায় করে ডাকাতিয়া নদী দিয়ে যাচ্ছিলেন। আতিকশাহ মাজার এলাকায় পৌঁছানোর পর নৌকাটির সঙ্গে একটি সিমেন্টবাহী জাহাজের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় নুরুল ইসলাম নৌকা থেকে নদীতে পড়ে জাহাজের নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
স্টাফ করেসপন্ডেট/
৯ সেপ্টম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur