চাঁদপুরের শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার বিগত ২০ বছরের রেকর্ডে যা সবচেয়ে বিপর্যয় ফলাফল বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ ইং সালের প্রকাশিত ফলাফলে উপজেলার ৬টি কলেজের অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবার শাহরাস্তিতে গড় পাসের হার মাত্র ৪৪.৮৮ শতাংশ।
এমন চরম ফলাফল বিপর্যয়ের মাঝেও আশার আলো দেখিয়েছে সূচীপাড়া ডিগ্রি কলেজ। ৭০.১১ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। শুধু তা-ই নয়, এ বছর পুরো উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া মাত্র দুজন শিক্ষার্থীই সূচীপাড়া ডিগ্রি কলেজের।
এদিকে চিতোষী ডিগ্রি কলেজের অভ্যন্তরীণ শিক্ষক-অধ্যক্ষ বিরোধ ও প্রশাসনিক কোন্দলের প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে পরীক্ষার ফলাফলে। কলেজটিতে পাসের হার নেমে এসেছে সর্বনিম্ন ২৫.৮৪ শতাংশে। উপজেলার একমাত্র করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের ফলাফলও বিগত বছরগুলোর তুলনায় এবার তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে পাসের হার মাত্র ২৬.৫৯ শতাংশ।
একইভাবে হতাশাজনক ফলাফল করেছে মেহের ডিগ্রি কলেজ।
প্রতিষ্ঠানটিতে ৪০.৩২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পাননি কেউ।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬২.৩২ শতাংশ এবং খিলা বাজার স্কুল এন্ড কলেজ থেকে ৪৮.১০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
প্র্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur