Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপির

হাইমচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে হাইমচর উপজেলা বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

আলোচনা সভায় প্রধান বক্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি কোহিনূর বেগম।

সভাপতির বক্তব্যে আমিন উল্লাহ বেপারী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইমচরের উন্নয়ন প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি বলেন, “চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরকে একটি সুন্দর ও আকর্ষণীয় রিসোর্টে পরিণত করার যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে। হাইমচরের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “বিএনপি গণমানুষের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দল বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণকে হৃদয়ে ধারণ করে কাজ করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দলের বর্তমান নেতৃত্ব এবং অসংখ্য নেতাকর্মী দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন ও শ্রম উৎসর্গ করেছেন।”

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের আদর্শ, ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করার দিন। বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, হাজী ইসহাক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাউদ্দিন হাওলাদার, আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান হাওলাদার, খন্দকার আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুর রহমান, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানারা বেগম, মৎস্য দলের সভাপতি রেজাউল করিম, হাইমচর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, কৃষক দলের আহ্বায়ক আলী আকবর টেলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফিউর রহমান স্বপন বেপারী ও তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ মিয়া পেদাসহ অন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি, কচুরিপানায় আবৃত পুকুর ও জলাশয় পরিষ্কার এবং সেখানে মাছের পোনা অবমুক্ত করার মতো জনকল্যাণমূলক কর্মসূচিও রয়েছে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন আনসারী।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১ সেপ্টেম্বর ২০২৬