চাঁদপুরে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার করে দাঁতের মাজন তৈরি এবং ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই আবাসিক ভবনে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ৩ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক,ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তরপুরচন্ডী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের মোড়কে যথাযথভাবে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করা,পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া আবাসিক ঘরে মেশিন স্থাপন করে প্লাস্টিকের বোতলে দাঁতের মাজন তৈরি ও বিক্রির অপরাধে ‘রিফাত নিমের মাজন’ নামে প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা এবং ‘রিয়াদ দাঁতের মাজন’ নামে প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে ১০০ টাকায় বিরিয়ানি ও খিচুড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান,জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur