Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / পালিয়ে যাওয়া নেত্রী আসার কথা বলে পরিস্থিতি ঘোলাটে করছে- ইঞ্জি. মমিনুল হক এমপি
পালিয়ে

পালিয়ে যাওয়া নেত্রী আসার কথা বলে পরিস্থিতি ঘোলাটে করছে- ইঞ্জি. মমিনুল হক এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা সমাবেশে মিলিত হয়। বিশাল বর্ণাঢ্য র‍্যালির নেতৃত্বে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

র‍্যালিশেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল নিয়ে আমরা মাঠে ছিলাম এবং থাকবো। দিশেহারা জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ১৭ বছর দেশকে শোষণ করেছে। বর্তমানে আপনাদের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়। পালিয়ে যাওয়া নেত্রী আসার কথা বলে পরিস্থিতি ঘোলাটে করছে। মনে রাখবেন, ২০ কোটি লোককে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো। শান্তির প্রত্যাশা নিয়ে এ জনপদে এসেছি, অশান্ত করতে দেবো না। অস্তিত্বের ওপর আঘাত এলে ছেড়ে দেবো না।”

তিনি বলেন, “আপনাদের জন্য অনেক উন্নয়ন হবে, তবে সময় দিতে হবে। দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। তাছাড়া বিরোধীরা বুঝেও না বোঝার ভান করছে। আমরা আপনাদের ভালো রাখার চেষ্টা করছি। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি কথা দিতে পারি, আপনারা কখনো বৈষম্যের শিকার হবেন না।”

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সেলিমুস সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ প্রমুখ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১ সেপ্টেম্বর ২০২৬