Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে ফরিদগঞ্জে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু
মিছিলে

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে ফরিদগঞ্জে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম উপজেলার কালিরবাজারের ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশে যোগ দেন সেলিম। অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে প্রবীণ এই বিএনপি নেতা ও ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইউনিয়ন বিএনপি নেতা সেলিমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদক: শিমুল হাছান,
১ সেপ্টেম্বর ২০২৬