চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্যতালিকা প্রদর্শন না করা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ঘি বিক্রির অপরাধে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত করায় আলী আকবরকে ১০ হাজার টাকা, নকল বিড়ি বিক্রির দায়ে মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির দায়ে আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিমানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এছাড়াওঅভিযানের অংশ হিসেবে পুরাণ বাজার এলাকার আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur