মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ৯ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সদর উপজেলার কারীরহাটে অবস্থিত ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ প্রায় ২” শতাধিক রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের ব্লাড ও ডোনার বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ এবং আশার আলো মানব কল্যাণ সংগঠনের শাকিল খান।
সংগঠনের চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, পরিচালক জহুরুল ইসলাম ও উপদেষ্টা সুমন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এটি ৯ম ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানি বলেন, “মানুষকে রক্তদানে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যাতে কোনো প্রাণ না ঝরে, সেজন্যই আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ফরিদপুর জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম বলেন, মানুষের সেবা করাই সর্বোত্তম ইবাদত। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানানো ও রক্তদানের বিষয়ে সচেতন করার এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করবে।
উল্লেখ্য, “মানবতার টানে, ভয় নেই রক্তদানে” স্লোগানকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, শীতবস্ত্র ও খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur