Home / চাঁদপুর / চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
প্রতিষ্ঠানকে

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) চাঁদপুরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।‌ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ অক্টোবর ২০২৬