Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রহিমানগর-মিয়ার বাজার সড়কের নির্মাণকাজে চাঁদা দাবি
সড়কের

কচুয়ায় রহিমানগর-মিয়ার বাজার সড়কের নির্মাণকাজে চাঁদা দাবি

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর থেকে মিয়ার বাজার হয়ে কচুয়ার শেষ সীমানা পর্যন্ত সড়কের নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নেভি পরিচালিত একটি নির্মাণ প্রতিষ্ঠান। তবে বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে সড়কের কাজ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুটি সেতুর ডাইভারশন দুর্বলভাবে নির্মাণ করায় বারবার যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

১০ নং ইউনিয়নের যুবদলের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির জানান, মানুষের দুর্ভোগ কমাতে তিনি ঠিকাদারকে ফোন দিয়ে তাৎক্ষণিক কয়েকবার ইটের খোয়া ও বালু ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন। এদিকে প্রায় এক মাস আগে সড়ক নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ঠিকাদার মোঃ বাবুল বলেন, “দুই প্রভাবশালী ব্যক্তি আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ইঞ্জিনিয়ার ও সাইট ঠিকাদার ম্যানেজার ও শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে অফিসে তালা লাগিয়ে দেন। এ অবস্থায় আমরা কীভাবে কাজ করব? তাই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এতে জনগণের যে দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানবাহন চলাচল ও শিক্ষার্থীদের যাতায়াতে যে কষ্ট হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

সড়ক নির্মাণকাজ বন্ধ থাকায় প্রতিদিন বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

কচুয়া প্রতিনিধি/ ৪ জুলাই ২০২৬